জানা নিউজ

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে মাতলেন দীনেশ ত্রিবেদী

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মাঠে দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে।

এবার সেই উত্তেজনার সাক্ষী হলো এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান মহারণ উপভোগ করতে মঙ্গলবার মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শুধু গ্যালারিতে বসে ম্যাচ উপভোগই নয়, ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে ব্যাটে-বলেও মেতে ওঠেন তিনি।আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জমজমাট লড়াই উপভোগ করেন ভারতীয় হাইকমিশনার।

এ সময় ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে তার সময় কাটানোর মুহূর্তগুলোতে ছিল বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস। দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার উপস্থিতি আয়োজনটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
 

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা জানান দেওয়ার ক্ষেত্রে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ব্যস্ততাও চোখে পড়ার মতো। ভারত-পাকিস্তান লড়াইয়ের ঠিক আগের দিন, সোমবার (১৬ নভেম্বর) স্টেডিয়ামটি পরিদর্শন করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল। ইংল্যান্ডের ২০২৭ সালের বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরেজমিনে দেখেন তারা।

ইসিবির প্রতিনিধি দল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ সম্প্রচার, চিকিৎসা, দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত অবকাঠামো পরিদর্শন করে। প্রতিনিধি দলের সদস্যরা স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট ও মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বিসিবি ও ভেন্যু সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে ইসিবি নিজস্ব বোর্ডে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। এরপরই ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।