আর্জেন্টিনার হয়ে ২০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১২৬ গোল করেছেন মেসি। দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি দলকে ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে জাতীয় দলের পথচলা তার জন্য সব সময় সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে সমালোচনা ও চাপের মুখে পড়লেও একের পর এক সাফল্যে বদলে দিয়েছেন নিজের গল্প।
মেসির ক্লাব ক্যারিয়ার অবশ্য এখনো চলমান। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। আপাতত ক্লাব ফুটবলে মনোযোগী থাকলেও স্কালোনি চান, খেলোয়াড় হিসেবে হোক কিংবা ভবিষ্যতে কোচিং স্টাফের সদস্য হয়ে; মেসি যেন আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে যুক্ত থাকেন।
এদিকে আগামী ১৯ জানুয়ারি ২০২৭ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবারও খেলতে দেখা যেতে পারে মেসিকে। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বিদায়ী অনুষ্ঠানের প্রায় তিন মাস পর সেই স্টেডিয়ামে ফিরবেন তিনি। সেখানে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, নিকোলাস ওতামেন্দি ও কাসেমিরোর মতো তারকাদেরও খেলার কথা রয়েছে। থাকবেন লা লিগায় খেলা মন্টিয়েল, রদ্রিগো দি পল ও আনহেল কোরেয়াও।
মনুমেন্তালে মেসির এই প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুই ক্লাবের পক্ষ থেকে ম্যাচের আয়োজন, টিকিট বিক্রি ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত পরে জানানো হবে।