দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন অধিনায়ক বাভুমা ও রায়ান রিকেলটন। আগের দিন ১৯ রানে অপরাজিত থাকা বাভুমা এবং ৭ রানে অপরাজিত থাকা রিকেলটন জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে বড় অবদান রাখেন মার্কেস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। অ্যাকারম্যানের ১৫৭ এবং হামজার ৮৩ রানের ইনিংসে ভর করে শক্ত অবস্থানে পৌঁছেছিল স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই অবস্থান ধরে রাখতে পারেনি তারা।
বাভুমা যখন মাঠ ছাড়েন, তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৫৮ রান। ১০৫ বলে ৪৯ রান করে রিটায়ার্ড হার্ট হন প্রোটিয়া অধিনায়ক। তার ইনিংসে ছিল চারটি চার। এরপরই দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
বাভুমার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি উইয়ান মুলডার। কোনো রান না করেই ফিরেছেন তিনি। এরপর মার্কো ইয়ানসেন ৮ এবং সাইমন হারমার ১ রান করে আউট হন। এই তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকা রায়ান রিকেলটন অবশ্য দলের সংগ্রহ বাড়িয়ে নিয়েছেন। ১০৪ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে তাসকিন ও হাসানের তোপে অপরপ্রান্তে উইকেট খোঁয়াতে হয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তার শিকার ৪ উইকেট। তাসকিন আহমেদ নিয়েছেন ২টি এবং মুমিনুল হক পেয়েছেন ১ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪০০ রান। জবাবে ব্যাট করতে নেমে অ্যাকারম্যান ও হামজার ব্যাটে ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে বাভুমার চোট এবং পরবর্তী সময়ে দ্রুত উইকেট হারানোয় ম্যাচে আবারও লড়াইয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।