জানা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৭ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে মোমবাতি প্রজ্বলন ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। ২০২৪ সালের ১৭ জুলাই এই হলের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলো। এছাড়া, বিভিন্ন হল, অনুষদ ও বিভাগ নিজ নিজ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এক সভা সম্প্রতি অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভিপতিত্ব করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধানগণ এবং ডাকসু ও ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে এবং এটি বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা হবে। আগামী ০৫ আগস্ট ২০২৬ তারিখ ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এলক্ষ্যে চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক ও প্রক্টরকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হলেন- প্রধান প্রকৌশলী, এস্টেট ম্যানেজার এবং গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক।

এছাড়া, জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি ‘জুলাই কর্নার’ স্থাপন করা হবে। যেখানে জুলাই আন্দোলনে শহিদদের ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী, ভিডিও চিত্র, স্থির চিত্র ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সংরক্ষিত থাকবে। এলক্ষ্যে চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক ও গ্রন্থাগারিককে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ হলেন- গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী এবং বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার।
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে আগামী ০৫ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বিষয়ে প্রতিটি অনুষদ/হল/বিভাগ/ইনস্টিটিউট নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় জুলাই মাসব্যাপী স্মৃতিচারণমূলক আলোচনা সভা/সেমিনার/কর্মসূচি গ্রহণ করবে।