দীর্ঘ ১১ বছর পর আবারও সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তারের নতুন সিনেমা ‘জাত’-এর গান তৈরির দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় সংগীত পরিচালনা করেছিলেন রবি চৌধুরী।
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে নারগিস আক্তারের নতুন সিনেমা ‘জাত’। এই সিনেমার সংগীত পরিচালনার জন্য রবি চৌধুরীকে নির্বাচন করেছেন নির্মাতা। দীর্ঘ বিরতির পর সিনেমার গানের কাজে ফিরতে পেরে আনন্দিত এই সংগীতশিল্পী।
সিনেমার গল্প ও পরিস্থিতি অনুযায়ী গান তৈরি করছেন রবি চৌধুরী। এতে রোমান্টিক, বিষাদঘন ও সুফি ঘরানার গান থাকবে বলে জানিয়েছেন তিনি। গানগুলোতে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনে নিজের কণ্ঠও ব্যবহার করতে পারেন তিনি।
রবি চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গানগুলো গাওয়ানোর ইচ্ছা আছে। যার কণ্ঠে ভালো মানাবে, তাকেই বেছে নেওয়া হবে। নির্মাতার সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোনো গানে যদি আমার কণ্ঠ ভালো লাগে নির্মাতার, তাহলে আমার গানও থাকতে পারে।’
সিনেমার সংগীত পরিচালনায় দীর্ঘ বিরতি প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রের গানের ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি অনেকেরই জানা। তিনি কখনোই সিন্ডিকেটের অংশ হতে চাননি। ৩৬ বছরের সংগীত ক্যারিয়ারে সিন্ডিকেটের বাইরে থেকেই কাজ করেছেন বলে জানান রবি চৌধুরী। এ কারণেই চলচ্চিত্রের সংগীত পরিচালনায় তার দীর্ঘ বিরতি তৈরি হয়েছে।
এর আগে অভিনেত্রী রোজিনা পরিচালিত একটি সিনেমায় সংগীত পরিচালনার কাজ করার কথা ছিল তার। কিন্তু সে সময় করোনায় আক্রান্ত হওয়ায় কাজটি করা সম্ভব হয়নি। নতুন সিনেমায় কাজের সুযোগ পেয়ে তিনি আশাবাদী, দর্শকদের ভালো গান উপহার দিতে পারবেন।
ভবিষ্যতে নিয়মিত সিনেমার সংগীত পরিচালনা করবেন কি না, সে বিষয়ে রবি চৌধুরী বলেন, বিষয়টি নির্মাতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। কোনো নির্মাতা তাকে যোগ্য মনে করে দায়িত্ব দিলে তিনি কাজ করতে আগ্রহী।
২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘জাত’। সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন প্রয়াত অভিনেতা মান্নার স্ত্রী শেলী কাদের। তবে এখনও ছবিটির অভিনয়শিল্পীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।