জানা নিউজ

ডিসেম্বরের মুক্তি পিছিয়ে জানুয়ারিতে আসছে সজল-অধরার ‘ঋতুকামিনী’

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে গেছে আবদুন নূর সজল ও অধরা খান অভিনীত সিনেমা ‘ঋতুকামিনী’। স্পনসরশিপ-সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির মুক্তি এক মাস পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা জাহিদ হোসেন।
মুক্তির সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রদর্শনের জন্য পুরোপুরি প্রস্তুত হলেও স্পনসর সংগ্রহের প্রক্রিয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে বলে জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘ঋতুকামিনী মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু স্পনসরশিপ জটিলতার কারণে এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রযোজক বিভিন্ন স্পনসরের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটিতে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা এবং পারিবারিক নানা সংকটের গল্প তুলে ধরা হয়েছে। এতে গ্রামের বখাটে যুবক জামাল চরিত্রে অভিনয় করেছেন সজল। আর গ্রামের সহজ-সরল মেয়ে কুমকুমের ভূমিকায় রয়েছেন অধরা খান।
সজল ও অধরা খান এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হিসেবে বড় পর্দায় আসছেন। প্রায় দুই বছর আগে ছবিটির শুটিং শুরু হয় এবং একই বছর দৃশ্যধারণের কাজ শেষ হয়। পরে সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পায়।
মোয়াজ্জেম হুসেন প্রযোজিত ‘ঋতুকামিনী’তে সজল ও অধরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেকে।
সিনেমাটির শুটিং, সম্পাদনা ও সেন্সর-সংক্রান্ত কাজ শেষ হলেও মুক্তির জন্য এখন স্পনসরশিপ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে ডিসেম্বরের পরিবর্তে আগামী জানুয়ারিতে প্রেক্ষাগৃহে ছবিটি দেখার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।