মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ব্রনসন রিড। অস্ট্রেলীয় এই রেসলারের প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় গত শুক্রবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউডব্লিউই। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
ব্রনসন রিডের মৃত্যুর খবর জানিয়ে ডব্লিউডব্লিউই এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তার পরিবার, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ ৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল ব্রনসন রিডকে। ওই অনুষ্ঠানে তার সরাসরি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল না। তবে তার দল ‘দ্য ভিশন’-এর সদস্য ব্রণ ব্রেকার ও অস্টিন থিওরির একটি ম্যাচে হস্তক্ষেপ করেন তিনি। পরে ওবা ফেমির সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে মঞ্চ থেকে টেবিলের ওপর পড়ে যান রিড।
ঘটনার পর বিভিন্ন প্রতিবেদনে তার পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ফুসফুস ও কিডনিতে আঘাত পাওয়ার খবর প্রকাশিত হয়। চিকিৎসার জন্য সৌদি আরবেই থাকতে হয়েছিল তাকে। পরে ১৮ নভেম্বর দেশে ফেরেন এই রেসলার। তবে ক্রাউন জুয়েলে পাওয়া আঘাতের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি ডব্লিউডব্লিউই।
ডব্লিউডব্লিউইর ‘দ্য ভিশন’ দলের সদস্য ছিলেন ব্রনসন রিড। এই দলে ব্রণ ব্রেকার, সেথ রলিন্স ও পল হেইম্যানও ছিলেন। রোমান রেইনসের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতাও রেসলিং দর্শকদের কাছে বেশ আলোচিত ছিল। ২০২৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ক্রাউন জুয়েল’-এ অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইটে রোমান রেইনসকে হারিয়েছিলেন রিড। এটি তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য জয় হিসেবে বিবেচিত হয়।
২০০৭ সালে অস্ট্রেলিয়ায় রেসলিং ক্যারিয়ার শুরু করেন ব্রনসন রিড। আন্তর্জাতিক রেসলিং অঙ্গনে তিনি জোনা রক নামেও পরিচিত ছিলেন। ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।
২০২১ সালে ডব্লিউডব্লিউই ছাড়ার পর নিউ জাপান প্রো-রেসলিং ও ইমপ্যাক্ট রেসলিংয়ে কাজ করেন রিড। ২০২২ সালে আবারও ডব্লিউডব্লিউইতে ফিরে আসেন তিনি। এরপর প্রতিষ্ঠানটির হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।
মৃত্যুকালে স্ত্রী পেইজ ও এক কন্যাসন্তান রেখে গেছেন রিড। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। ডব্লিউডব্লিউই তাকে শুধু একজন শক্তিশালী পারফরমার নয়, বরং পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ ও সহকর্মীদের প্রিয়জন হিসেবেও স্মরণ করেছে।