জানা নিউজ

মেসির জাদুতেও ঢাকা পড়ল না আর্জেন্টিনার দুর্বলতা

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় আর্জেন্টিনার

শেষ পর্যন্ত জয় এসেছে, বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটও নিশ্চিত হয়েছে। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ের পর স্বস্তির চেয়ে উদ্বেগই বেশি নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বারবার একই ভুল করে ম্যাচ প্রায় হাতছাড়া করে ফেলেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণ এবং মাঝমাঠের সমন্বয়হীনতা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার জন্য।

প্রথমার্ধে লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়ার পরও সেই লিড ধরে রাখতে পারেনি দলটি।দ্বিতীয়ার্ধে মাঝমাঠের ভুলে দেরয় দুয়ার্তেকে ফাঁকা জায়গা করে দেন এনজো ফার্নান্দেজ।

সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে কেপ ভার্দে। গোল হজমের পর আর্জেন্টিনার খেলায় দেখা যায় অস্থিরতা।
স্বাভাবিক পাসিং ফুটবল ছেড়ে তাড়াহুড়ো করতে শুরু করেন খেলোয়াড়রা, যার ফলে ভুলের সংখ্যাও বাড়তে থাকে। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। সিডনি লোপেস কাবরাল দারুণ এক গোল করে আবারও সমতা ফেরান। অর্থাৎ ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও দুইবারই লিড হারিয়েছে স্কালোনির দল।শেষ পর্যন্ত লিওনেল মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেডে জয়সূচক গোল পেয়ে বড় বিপদ থেকে রক্ষা পায় আর্জেন্টিনা। তবে এই জয় তাদের দুর্বলতাগুলোও স্পষ্ট করে দিয়েছে।

ব্যক্তিগত পারফরম্যান্সেও কয়েকজন হতাশ করেছেন। বিশেষ করে এনজো ফার্নান্দেজ রক্ষণে ভুল করার পাশাপাশি আক্রমণেও নিজের সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও প্রত্যাশা পূরণ করতে পারেননি। অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুই গোল ঠেকাতে না পারলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।

ইতিবাচক দিক বলতে গেলে, লিওনেল মেসি আবারও বড় ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন। একটি গোল করার পাশাপাশি জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন তিনি। রোমেরো রক্ষণে দৃঢ় থাকার পাশাপাশি জয়সূচক গোল করে নায়ক বনে যান। লিসান্দ্রো মার্তিনেজও একটি অ্যাসিস্ট ও একটি গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

কেপ ভার্ডের মতো দলের বিপক্ষে এমন নড়বড়ে পারফরম্যান্স নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য সতর্কবার্তা। নকআউট পর্বে আরও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে রক্ষণে ভুল, মাঝমাঠের সমন্বয়হীনতা এবং লিড ধরে রাখতে না পারার সমস্যা দ্রুত সমাধান করতে না পারলে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথ কঠিন হয়ে যেতে পারে মেসিদের।