পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে।
একই সময়ে খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে দাঁড়িয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪টিতে নেমেছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে দাঁড়িয়েছে ১৭টিতে। শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৫৯১টি থেকে কমে ৩ হাজার ১৫১টিতে নেমেছে। এ ছাড়া অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে দাঁড়িয়েছে।
তিন মাসেও কমেছে অপরাধ
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের পরিসংখ্যানেও বিভিন্ন অপরাধ কমার চিত্র উঠে এসেছে।
এ সময়ে ডাকাতির ঘটনা গত বছরের ১৭১টি থেকে কমে ১২৩টিতে দাঁড়িয়েছে। দস্যুতার ঘটনা ৫১১টি থেকে কমে ৪৬৭টিতে নেমেছে। একই সময়ে খুনের ঘটনা ৯৮০টি থেকে কমে ৮৮১টিতে দাঁড়িয়েছে।
এ ছাড়া দাঙ্গার ঘটনা ৯টি থেকে কমে ৫টি হয়েছে। চুরির ঘটনা ২ হাজার ৬৯৩টি থেকে কমে ২ হাজার ৫৭৬টিতে নেমেছে। শিশু নির্যাতনের ঘটনা ১ হাজার ৪৩২টি থেকে কমে ১ হাজার ২৩৮টিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপহরণের ঘটনা গত বছরের ২৯৫টি থেকে কমে চলতি বছরে ২৪২টিতে নেমেছে।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে জানিয়েছিলেন।