জানা নিউজ

মণ্ডপে মণ্ডপে কুমারী পূজা, ভক্ত-পূজারীদের ভিড়

সারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সকালে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে অষ্টমীর অঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠ ও মিশনে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কুমারী পূজা। 

সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মহাঅষ্টমীর পূজা।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অসুরবিনাশিনী দেবী দুর্গার কুমারী রূপের আরাধনায় এদিন কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সাধারণত ১ থেকে ১৬ বছর বয়সী লক্ষণযুক্ত কুমারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়।
এ সময় ভক্তরা কুমারীর চরণে জল, বস্ত্র, ফুল এবং স্বর্ণ ও রৌপ্য অলংকার নিবেদন করেন। 

এর আগে গত দুই দিন রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে যথাযথ ধর্মীয় মর্যাদায় মহাসপ্তমী উদযাপন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

এ সময় দেবীর আরাধনায় দিনভর পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় ছিল। 

মহাসপ্তমীর সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানোর মধ্য দিয়ে। এরপর নবপত্রিকা স্থাপন করা হয়, যা প্রচলিতভাবে কলাবউ স্নান নামেও পরিচিত। ধর্মীয় আচার অনুযায়ী, দেবীর চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পূজা শেষে হাতে ফুল ও বেলপাতা নিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। করজোড়ে জগজ্জননীর কাছে শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা। ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

এদিকে, মহাঅষ্টমীর সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, দানবীয় অসুররূপী সমাজে অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী। এই আনন্দ-উৎসবের বার্তাটি কোনো একক ধর্মের নয়, এটি সমগ্র মানবজাতির জন্য। আর মা দুর্গার আরেক নাম দুর্গতিনাশিনী; তিনি দুর্গতি বিনাশ করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন। আমরাও সেই বার্তা ধারণ করে সমাজে অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই।