জানা নিউজ

কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে ডাকাতি, খুন ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে।

অর্থাৎ, ডাকাতির ঘটনা কমেছে ১৫১টি। 

একই সময়ে খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে দাঁড়িয়েছে।

এ হিসাবে খুনের ঘটনা কমেছে ২৫৪টি। নারী নির্যাতনের ঘটনাও কমেছে উল্লেখযোগ্য হারে।
গত বছরের প্রথম ৯ মাসে নারী নির্যাতনের ঘটনা ছিল ৯ হাজার ২৬২টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১৭৮টিতে। অর্থাৎ, কমেছে ১ হাজার ৮৪টি। 

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪টিতে নেমেছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে দাঁড়িয়েছে ১৭টিতে। শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৫৯১টি থেকে কমে ৩ হাজার ১৫১টিতে নেমেছে। এ ছাড়া অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে দাঁড়িয়েছে।

তিন মাসেও কমেছে অপরাধ
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের পরিসংখ্যানেও বিভিন্ন অপরাধ কমার চিত্র উঠে এসেছে।

এ সময়ে ডাকাতির ঘটনা গত বছরের ১৭১টি থেকে কমে ১২৩টিতে দাঁড়িয়েছে। দস্যুতার ঘটনা ৫১১টি থেকে কমে ৪৬৭টিতে নেমেছে। একই সময়ে খুনের ঘটনা ৯৮০টি থেকে কমে ৮৮১টিতে দাঁড়িয়েছে।

এ ছাড়া দাঙ্গার ঘটনা ৯টি থেকে কমে ৫টি হয়েছে। চুরির ঘটনা ২ হাজার ৬৯৩টি থেকে কমে ২ হাজার ৫৭৬টিতে নেমেছে। শিশু নির্যাতনের ঘটনা ১ হাজার ৪৩২টি থেকে কমে ১ হাজার ২৩৮টিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপহরণের ঘটনা গত বছরের ২৯৫টি থেকে কমে চলতি বছরে ২৪২টিতে নেমেছে।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে জানিয়েছিলেন।