জানা নিউজ

অনুমোদন ছাড়া জেলা ক্রিকেট সংস্থা নয়, সতর্ক করল বিসিবি

দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন ও কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে অনুমোদন ছাড়া গঠিত কোনো সংগঠনকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা হবে না বলে স্পষ্ট করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এ ধরনের কোনো সংস্থা বা উদ্যোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। তাই এসব সংগঠনকে বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।

বিসিবি আরও জানিয়েছে, সংবিধান অনুযায়ী অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থাই কেবল ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃতি পাবে। অনুমোদন ছাড়া কোনো সংগঠন নিজেদের জেলা ক্রিকেট সংস্থা দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।

 

এ বিষয়ে ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। কোনো জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠনের স্বীকৃতি নিয়ে সংশয় থাকলে বিসিবির সঙ্গে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছে।