বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা।
তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ডান উরুর চোটে ভুগছেন তৃষ্ণা।
এমআরআই পরীক্ষায় তার ডান উরুতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।ফলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য এসিসি নারী এশিয়া কাপ ২০২৬ এবং ২০তম এশিয়ান গেমস আইচি-নাগোয়া ২০২৬ দুই আসরেই খেলতে পারবেন না ২৩ বছর বয়সী এই পেসার।
তৃষ্ণার পরিবর্তে দলে ডাক পাওয়া ফারজানার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
১৭ বছর বয়সী এই পেসার এবারই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন। আগামীকাল বুধবার বিকেলে এশিয়া কাপের উদ্দেশ্যে দুবাইয়ের পথে রওনা হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।বাংলাদেশ নারী দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।