পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট ক্রিকেটের জন্য জায়গা হয়নি শাহিন শাহ আফ্রিদির। তবে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের সিদ্ধান্ত নতুন করে ভাবার সুযোগ তৈরি করছেন বাঁহাতি এই পেসার। কায়েদে আজম ট্রফিতে নিজের সর্বশেষ চার ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন তিনি।
গত সপ্তাহে ঘোষিত পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শাহিনকে রাখা হয়েছে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তালিকায়। টেস্টের চুক্তিতে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক বোলিং যেন পাল্টা জবাব হয়ে উঠেছে।
কায়েদে আজম ট্রফিতে ফাটার দলের হয়ে খেলছেন শাহিন। বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ফয়সালাবাদ রিজিয়নের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩ রান খরচায় সাত উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট স্বীকার করেন এই পেসার। ম্যাচটি সাত উইকেটে জিতেছে ফাটার। পাঁচ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষে রয়েছে দলটি।
শাহিনের এই সাফল্য অবশ্য সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতারই অংশ। এর আগের ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে নিয়েছিলেন নয় উইকেট। তার আগে পিআর ব্লুজের বিপক্ষে ছয়টি এবং লাহোর হোয়াইটসের বিপক্ষে চার উইকেট পান। সব মিলিয়ে চার ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ২৭।
ব্যাট হাতেও অবদান রেখেছেন শাহিন। পাঁচ ইনিংসে করেছেন ১৩৪ রান, সর্বোচ্চ ৪২। এক মাস ধরে বোলিংয়ে ভালো ছন্দে রয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। এবার ঘরোয়া লাল বলের ক্রিকেটেও সেই ছন্দ ধরে রেখেছেন।
টেস্ট ক্রিকেটে শাহিনের সর্বশেষ ম্যাচ ছিল চলতি বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের সিরিজে। সেই সিরিজে হেরেছিল পাকিস্তান। এখন পর্যন্ত ৩৪ টেস্টে ৫৮ ইনিংস বোলিং করে ১২৬ উইকেট নিয়েছেন শাহিন। তাঁর বোলিং গড় ২৮.১৩। পাঁচ উইকেট পেয়েছেন চারবার।
টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে শাহিনের সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে আবারও টেস্ট দলে বিবেচনার দাবি জোরালো করছে। লাল বলের ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা এখন নির্বাচকদের নজর কাড়ার মতো।