পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে এবার হতাশার কথা প্রকাশ করলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী নয়। শুধু ব্যক্তিগত প্রতিভার ঘাটতি নয়, দলটির খেলায় স্বকীয়তা ও ঐক্যের অভাবও দেখছেন সাবেক এই স্ট্রাইকার।
ব্রাজিলের ফুটবল ইতিহাস সমৃদ্ধ। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো ও রোনালদো নাজারিওদের মতো কিংবদন্তিদের হাত ধরে বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি পেয়েছে দেশটি। পাঁচবার বিশ্বকাপ জয়ের পেছনে তাদের আক্রমণাত্মক ফুটবল, সৃজনশীলতা ও ব্যক্তিগত দক্ষতা বড় ভুমিকা রেখেছে। তবে সেই ঐতিহ্য বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে আগের মতো দেখা যাচ্ছে না বলে মনে করেন রোনালদো।
‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ব্রাজিলের খেলোয়াড়রা এখন ইউরোপীয় ফুটবলের ধরন অনুসরণ করছেন। এতে নিজেদের স্বাভাবিক প্রতিভা ও ফুটবলশৈলী থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন তারা।
রোনালদোর ভাষায়, ‘আমার মনে হয়, আমড়া ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’
১৯৫৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। সেই সময় দলটির টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক খেলার ধরন প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। বর্তমান ব্রাজিল দল ইউরোপের শীর্ষ দলগুলোর শারীরিক সক্ষমতা, কৌশলগত শৃঙ্খলা ও সামগ্রিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে না বলে মনে করেন তিনি।
দলীয় সংহতির অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রোনালদো। এ ক্ষেত্রে আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি মনে করেন, খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, ঐক্য ও লড়াইয়ের মানসিকতা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে।
বর্তমান দলে বিশ্বমানের খেলোয়াড় থাকলেও তাদের প্রতিভাকে দলীয় সাফল্যে রূপ দিতে পারছে না ব্রাজিল। বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সম্পর্কে রোনালদোর মূল্যায়ন, ‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল ব্রাজিলের নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, এমনকি দলের মধ্যে ঐক্যও নেই।’
রোনালদোর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ তাঁর বক্তব্যকে বাস্তবসম্মত মনে করছেন, আবার কেউ সমালোচনা করছেন। তবে ২৪ বছর ধরে বিশ্বকাপের শিরোপা না পাওয়া ব্রাজিলকে নিয়ে সাবেক এই তারকার হতাশা যে গভীর, তা তাঁর কথায় স্পষ্ট।