জানা নিউজ

‘আর্জেন্টিনা দলে তুমিই আমার ছেলের উত্তরসূরি’, পাজকে বললেন মেসির মা

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি।

তার মতে, জাতীয় দলে মেসির উত্তরসূরি হতে পারেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। এমনকি মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি হিসেবেও পাজকে বেছে নিয়েছেন তিনি।
গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে আবেগঘন এক প্রীতি ম্যাচের পর জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানেন মেসি। তার বিদায়ের পর আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে শুরু হয় আলোচনা।

সেই দৌড়ে এগিয়ে এসেছেন ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলা ২২ বছর বয়সী পাজ।মেসির বিদায়ী ম্যাচের পর তার মায়ের সঙ্গে পাজের একটি আবেগঘন সাক্ষাতের ঘটনা সামনে এসেছে।বিষয়টি জানিয়েছেন পাজের চাচা ফাবিয়ান পাজ। আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসির শেষ ম্যাচের পর নিকোর সঙ্গে তার মায়ের দেখা হয়। তিনি তখন আবেগাপ্লুত ছিলেন। নিকোকে দেখে হাত মেলাতে এগিয়ে যান এবং বলেন, “আর্জেন্টিনা দলে তুমি আমার ছেলের উত্তরসূরি।”’

তবে মেসির উত্তরসূরি হওয়ার মতো বড় স্বীকৃতি পেলেও বিষয়টি নিয়ে বাড়তি চাপ নিতে চান না পাজ। তার চাচার দাবি, তরুণ এই ফুটবলার বেশ শান্ত ও বিনয়ী স্বভাবের।

ফাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও বিনয়ী একজন মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি ভাবতে শুরু করেনি। মেসির সঙ্গে পরিচিত হওয়া, তার সতীর্থ হতে পারা এবং কাছাকাছি থাকার সুযোগ পাওয়াটাই ছিল অনেক বড় ব্যাপার।’

জাতীয় দলে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন পাজ। আর্জেন্টিনার হয়ে প্রথম ১৬ ম্যাচে করেছেন ছয় গোল, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট।

ক্লাব ফুটবলেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। চলতি মৌসুমে কোমোর হয়ে সিরি আ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৪ ম্যাচে ছয় গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেছেন তিনি।

পাজের এমন পারফরম্যান্সে আগ্রহী তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী গ্রীষ্মে ৮ কোটি ইউরোর বাই-ব্যাক শর্ত কাজে লাগিয়ে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা।