রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই।
তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত নিরাপত্তা, প্রযুক্তির কার্যকারিতা, প্রকল্পের আর্থিক সাশ্রয়, দীর্ঘমেয়াদি পরিচালনা ব্যয় এবং নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা এমন কোনো প্রকল্প চাই না, যা ভবিষ্যতে সিটি করপোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকল্পটি হতে হবে বাস্তবসম্মত, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই।
বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া বর্জ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও পরিবেশগত নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।
প্রতিনিধিদল চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি প্রকল্প প্রস্তাব করে। প্রস্তাবটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে চীনা প্রতিনিধিদলে ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ (Han Jiwu), কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই (Li Chaohui), হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং (Cheng), প্রতিনিধি কেন্ট (Kent), কাও (Cao) এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম।
এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি প্রমুখ উপস্থিত ছিলেন।