রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়।
বাপেক্স জানায়, তাদের প্রতিনিধিদের তত্ত্বাবধানে কূপটিতে প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে।
জানতে চাইলে বাপেক্সের উপ-মহা বব্যবস্থাপক আহসানুল আমিন বলেন, এই কূপ থেকে প্রতিদিন গড়ে ২১ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে ভবিষ্যতে আরও ৩টি কূপ খনন হবে। ভোলায় প্রচুর গ্যাসের মজুত রয়েছে।
ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার ৩টি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে। নতুন এই কূপে গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বাপেক্স আরও জানিয়েছে, সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, ভোলার তিনটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্র শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশায় ভূগর্ভে মোট প্রায় ২.০৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় ১.৪৩ টিসিএফ উত্তোলনযোগ্য বলে প্রাক্কলন করা হয়েছে, যা পরবর্তী আশাব্যঞ্জকভাবে বাড়তে পারে।
ভোলায় কূপ খনন ও উৎপাদন পরিকল্পনায় বাপেক্সের চলমান পাঁচ-কূপ প্রকল্পের খননকাজ পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এ প্রকল্পের আওতায় ভোলা নর্থ-৩, ভোলা নর্থ-৪, শাহবাজপুর-৫ ও শাহবাজপুর-৭ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ এবং শাহবাজপুর নর্থ ইস্ট-১ অনুসন্ধান কূপ অন্তর্ভুক্ত রয়েছে। ভোলা নর্থ-৩ কূপ খনন শেষে শাহবাজপুর নর্থ ইস্ট-১ কূপ খনন কার্যক্রম গৃহীত হবে।
বর্তমানে ভোলার আবিষ্কৃত মোট ৯টি কূপ থেকে বর্তমানে মোট দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা আছে। প্রস্তাবিত ৫টি কূপ থেকে প্রত্যাশিত হারে গ্যাস পাওয়া গেলে বর্তমান দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট উৎপাদন সক্ষমতার সঙ্গে দৈনিক আরও প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট যুক্ত হতে পারে। প্রকৃত উৎপাদন সক্ষমতা খনন ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
এ ছাড়া ভোলা অঞ্চলের বৃহত্তর পরিকল্পনায় ২০২৮-৩০ সাল মেয়াদে আরও ৫টি নতুন কূপ খননের উদ্যোগ রয়েছে।