জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠাতব্য কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়নসংস্থাগুলোর উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামা ওবায়েদ প্রত্যাশা করেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে নতুন বিনিয়োগ বাড়বে।কপ-৩১-এ পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা জানিয়ে তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে।
কপ-৩১-এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া দরকার।
উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশের ঋণের বোঝা আরও না বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবিলায় একটি ফান্ড দরকার। শামা ওবায়েদ বলেন, সবকিছুতে আমাদের একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে। যাতে বৈশ্বিক পরিমণ্ডল, নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম করেছে। যুবসমাজের যারা পরিবেশ নিয়ে কাজ করেন, এখানে তাদের ইন্টিগ্রেট করার সুযোগ আছে।