জানা নিউজ

দিঘলিয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই রক্তাক্ত

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামে ছোট ভাইয়ের মাদকসহ নানা কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইয়ের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত শেখ মঈন (৪৪) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন। অভিযুক্ত ছোট ভাই শেখ রাজিব (৪০)। আহত মঈন ও রাজিব দুজনই দেয়াড়া মধ্যপাড়া এলাকার শেখ আবু জাফরের ছেলে। রাজিব শেখ দেয়াড়া খেয়াঘাট ইজিবাইক ড্রাইভার কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি বলে এক সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আবু জাফরের নিজ বাড়ির সামনে মাদকসহ নানা কর্মকাণ্ড নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর আগেও রাজিবের নানা কৃতকর্মকাণ্ড নিয়ে মঈনের সাথে বাকবিতণ্ডা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজীবের সাথে মঈনের একপর্যায়ে বিরোধ তীব্র হলে রাজিব ধারালো দা দিয়ে বড় ভাই মঈনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রাজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। পরে স্বজনরা আহত মঈনকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দিঘলিয়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।