জানা নিউজ

ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না: এমপি হেলাল

বাংলাদেশ কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না, অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে খুলনা নতুন রেলস্টেশনের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আজিজুল বারী হেলাল বলেন, দেশের জনগণের ম্যান্ডেটকে কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এ দেশের জনগণের।

কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারবে না।তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নবগঠিত খুলনা জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আজিজুল বারী হেলাল বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।