জানা নিউজ

পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

সীতাকুণ্ড মডেল থানায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে মারধর ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর হয়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে ইসমাইল হোসেন তার ব্যক্তিগত গাড়ি সীতাকুণ্ড মডেল থানার আঙিনায় পার্কিং করেন। এ সময় ওসির গাড়িচালক কনস্টেবল মো.শফিক সেখানে গাড়ি রাখতে নিষেধ করেন।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইসমাইল হোসেনের সঙ্গে তার হাতাহাতি হয়। এতে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পুলিশ ইসমাইল হোসেনকে আটক করলেও কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।