জানা নিউজ

কটাক্ষের ব্যতিক্রমী জবাব দিলেন স্বরা

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই স্পষ্ট বক্তব্যের জন্য আলোচনায় থাকেন। বছর তিনেক আগে মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। এবার সেই কটাক্ষেরই ব্যতিক্রমী জবাব দিয়েছেন অভিনেত্রী। রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমের প্রিমিয়ারে বেগুনি শাড়িতে হাজির হন স্বরা। তার ব্লাউজে লেখা ছিল ‘মোটি’, হিন্দি ভাষায় যার অর্থ মোটা। সন্তান জন্মের পর বেড়ে যাওয়া ওজন নিয়ে গত তিন বছর ধরে যারা তাকে কটাক্ষ করেছেন, তাঁদের দেওয়া তকমাই এবার নিজের করে নিয়েছেন তিনি। সঞ্চালক বীরেন্দর শেবাগকে পোশাকটির অর্থ বোঝাতে গিয়ে স্বরা বলেন, তার মেয়ের বয়স এখন তিন বছর। এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপরিচিত মানুষের কাছ থেকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। স্বরা বলেন, ‘মোটা হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে, গরু হয়ে গেছে, জলহস্তী হয়ে গেছে, হাতি হয়ে গেছে-এমন অনেক কথা শুনেছি। আমি বললাম, হ্যাঁ, আমি সবই হয়ে গেছি। এখন আপনাদের দেওয়া এই সব তকমা গ্রহণ করে নিজের করে নিচ্ছি।’ শরীর নিয়ে কটাক্ষকে এড়িয়ে না গিয়ে বরং বিষয়টি নিয়ে প্রকাশ্যেই কথা বলেন স্বরা। তাঁর মতে, সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। গত মে মাসেও ২০১৮ সালের একটি ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, সন্তান জন্মের পর শরীর বদলে গেলেও অপরিচিত মানুষের নির্ধারিত সময়ের মধ্যে ওজন কমাতে তিনি রাজি নন। নারীর শরীরকে শুধু সৌন্দর্য বা যৌন আকর্ষণের মাপকাঠিতে দেখার বিরুদ্ধেও কথা বলেন তিনি। ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমে স্বরার সঙ্গে আরও অংশ নিয়েছেন করণ প্যাটেল, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, গৌতম গুলাটি, শহজাদ পুনাওয়ালা, সিয়েত তোমর, তেজ প্রতাপ যাদব, মনীশ কাশ্যপ, সারা গুরপালসহ আরও অনেকে। অনুষ্ঠানটি প্রাইম ভিডিও ও এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে।