জানা নিউজ

তিন দিনে ১০০ কোটির ক্লাবে পা দিলো ‘দ্য প্যারাডাইস’

মুক্তির তৃতীয় দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’। সিনেমাটির আয়ের বড় অংশই আসছে তেলুগু বাজার থেকে। গত শুক্রবার আয়ে বড় ধস নামলেও গত শনিবার সংগ্রহ কিছুটা বেড়েছে। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ১৫ কোটি ২৫ লাখ রুপি। এতে ভারতে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৯০ কোটি ৫০ লাখ রুপি এবং নিট আয় ৭৬ কোটি ৪০ লাখ রুপি। বিদেশের বাজারে তৃতীয় দিনে এসেছে ৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১১৯ কোটি ৫০ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আয় করছে সিনেমাটি। গত শনিবার তেলুগু সংস্করণে এসেছে ১৩ কোটি ৩৫ লাখ রুপি। হিন্দি সংস্করণে ১ কোটি ৬৫ লাখ এবং তামিল সংস্করণে ২৫ লাখ রুপি আয় হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে এসেছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। নানির ক্যারিয়ারে সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল ওপেনিংও দিয়েছে ‘দ্য প্যারাডাইস’। প্রথম দিনে নিট আয় ছিল ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। এর আগে ‘দশারা’ প্রথম দিনে ২৩ কোটি ২০ লাখ এবং ‘সরিপোধা সানিভারাম’ ৯ কোটি রুপি আয় করেছিল। মুক্তির প্রথম চার দিনে ভারতীয় বাজারে ৭৬ কোটি ৪০ লাখ রুপি নিট আয় করে ‘দ্য প্যারাডাইস’ ইতোমধ্যে ‘সরিপোধা সানিভারাম’-এর ৬৩ কোটি ২১ লাখ রুপির আজীবন আয় ছাড়িয়ে গেছে। নানির ‘দশারা’র ৮১ কোটি ৯৩ লাখ রুপির আজীবন ভারতীয় আয়ের কাছাকাছিও পৌঁছে গেছে সিনেমাটি। শ্রীকান্ত ওডেলার পরিচালনায় সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন মোহনলাল, সোনালি বেন্দ্রে ও সম্পত রাজ। সংগীত পরিচালনায় আছেন অনিরুদ্ধ রবিচন্দর।