জানা নিউজ

আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা

ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। সৌদি আরবের মক্কায় এদিন পবিত্র কাবার ঠিক ওপর দিয়ে সূর্য অবস্থান করবে, যার ফলে কয়েক মুহূর্তের জন্য কাবাঘরের চারপাশে কোনও ছায়া দেখা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে। সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে দুপুরে এ ঘটনা ঘটবে। হিজরি ১৪৪৭ সালের ৯ জিলহজ অর্থাৎ আরাফাতের দিন সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। ওই মুহূর্তে মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত প্রতিবছর দুবার কাবার ওপর সূর্য সরাসরি অবস্থান করে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মধ্যে চলাচল করে, তখন এ ঘটনা ঘটে। তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় তার এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সর্বশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা ঘটেছিল। তাদের মতে, হিজরি চান্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এ বিরল সমাপতন তৈরি হয়। চান্দ্র বছরের চক্র একই সৌর তারিখের সঙ্গে আবার মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর অর্থ এই নয় যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আজেল পত্রিকার বরাতে জানা গেছে, সৌদির আবহাওয়া কেন্দ্রটি জানিয়েছে, আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি ও বায়ুপ্রবাহসহ নানা জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতি বছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে পর্যবেক্ষণ করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনাকে ঘিরে অস্বাভাবিক গরমের যে দাবি করা হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। হুসেইন আল কাহতানি জানান, আবহাওয়ার তথ্য ও তাপমাত্রা নির্ভুলভাবে জানাতে কেন্দ্রটি আধুনিক প্রযুক্তি, পর্যবেক্ষণ কেন্দ্র এবং সংখ্যাভিত্তিক পূর্বাভাস মডেল ব্যবহার করে। এ বিষয়ে সর্বশেষ তথ্য ও পূর্বাভাস জানতে জনগণকে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানান তিনি।