জানা নিউজ

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

বিসিবিতে নিজের কোনো ‘লোক’ নেই বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি বলেন, বোর্ডে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব বা পক্ষপাতের কোনো সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম। মূলত স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সেখানে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার একটা বড় সুবিধা হলো, আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, অর্গানাইজার থেকে বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি।

এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না। কেবল বিসিবিই একমাত্র সুবিধা পাবে। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পেয়েছি ১৫/২০ দিন হয়েছে। এই ১৫/২০ দিনে যা যা করা সম্ভব, পার্সোনালি বা অফিসিয়ালি, সবার সঙ্গে কথা বলে আমরা সেগুলো করছি।’
এদিকে, বোর্ডের আর্থিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তামিম। সাম্প্রতিক সময়ে আয় কিছুটা কমেছে স্বীকার করে তিনি জানান, ভবিষ্যতে রাজস্ব বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে মিরপুর স্টেডিয়ামের সংস্কার নিয়ে কাজ এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।