দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এই উদ্যোগ নিয়েছে। ছবি দুটি নির্মাণের জন্য আগ্রহী অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এরই মধ্যে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ডিএফপি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র দুটির মধ্যে একটির বিষয়বস্তু হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এই চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট। সিনেমাটি নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী কোনো গল্পের ওপর ভিত্তি করে। ১২ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্রটির জন্য বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা। নির্বাচিত প্রতিষ্ঠানকে সিনেমার চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ নির্মাণ সংশ্লিষ্ট সকল কাজ সম্পন্ন করতে হবে। ডিএফপি জানিয়েছে, চলচ্চিত্রগুলো নির্মাণে আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয় থাকতে হবে। এই প্রজেক্টে যুক্ত হতে আগ্রহী প্রতিষ্ঠানের অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে।