জানা নিউজ

রুশ হামলায় ইউক্রেনের কয়েক লাখ বাড়িঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় দেশটির দিনিপ্রোপেত্রোভস্ক ও খারকিভ অঞ্চলের কয়েক লাখ বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার স্থানীয় কর্তৃপক্ষ ও একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। যুদ্ধের মধ্যে আরও একটি কঠিন শীতের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছে রাশিয়া। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতের হামলায় গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলের ছয় লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে কাজ চলছে। তবে বারবার হামলার কারণে মেরামতের কাজ কঠিন হয়ে পড়েছে। এদিকে জলাতোপিল শহরের মেয়র মাইকোলা বাকশেইয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় একটি ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনা’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এ হামলায় খারকিভ অঞ্চলের প্রায় আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। তিনি আরও জানান, মেরামতের কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত নয়। এর একদিন আগে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জানান, জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলায় দেশটির পাঁচটি অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে কিয়েভে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, কিয়েভের ওপর চাপ সৃষ্টি করতেই রাশিয়া হামলা জোরদার করেছে। সাড়ে চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটির বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে মস্কো। এরই মধ্যে আরেকটি যুদ্ধকালীন শীতের মুখোমুখি হচ্ছে কিয়েভ। দেশটিতে তাপমাত্রা ইতোমধ্যেই হিমাঙ্কের কাছাকাছি নেমে এসেছে।