সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সৌদি সিভিল ডিফেন্স শহরের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করার পরপরই কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে এই হামলার খবর পাওয়া যায়। রবিবার সিএনএন এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং সিএনএন-এর যাচাই করা ভিডিওতে দেখা যায়, আরামকো ভবনের ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালাগুলো ভেঙে পড়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল রোববার রিয়াদে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা চালানো হয়েছে। হামলার ফলে ধ্বংসাবশেষের টুকরো পড়ে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি অ্যাম্বুলেন্সগুলোকে ওই এলাকার দিকে যেতে দেখেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে সিএনএন ইমেইলের মাধ্যমে সৌদি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। গত তিন মাস ধরে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসা হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গতকাল রোববার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় এলাকায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের রিয়াদ অভিমুখে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত ও ধ্বংস করেছে।’