জানা নিউজ

মালয়েশিয়ায় ৮ মাসে প্রায় ৬০ হাজার অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ৯ হাজার ৭০০টি অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

একই সময়ে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে পরিচালিত এসব অভিযানে প্রতিদিন গড়ে ৩৭টি অভিযান হয়েছে। এর মধ্যে ৩৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে অভিবাসন বিভাগের নিজস্ব অভিযানে আটক করা হয়েছে।

আরও ২২ হাজারের বেশি ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রবেশপথে অথবা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানে প্রধানত তিন ধরনের অনিয়ম ধরা পড়েছে।

এর মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থান, ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থাকা এবং যে কাজের অনুমতি দেওয়া হয়েছে, তার বাইরে অন্য খাতে কাজ করা। 

তবে অভিযানের আওতা শুধু অবৈধ অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। অবৈধ অভিবাসীদের জেনেশুনে কাজে নিয়োগ দেওয়া ব্যক্তি ও তাদের আশ্রয় দেওয়া বাড়ির মালিক বা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোকমান এফেন্দি জানান, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৬০ দিনের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ছয়জন নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাধারণ নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিদেশি নাগরিকের অবৈধ অবস্থান বা অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। বরং ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ বিষয়টি অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এই অভিযান সারা বছরই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তথ্যসূত্র: দ্য স্টার, নিউ স্ট্রেইটস টাইমস ও বারনামা।