অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে লড়াই করতে চান শান্ত। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। ডারউইনের উইকেটে ঘাস থাকায় দুই দলের বোলার ও ব্যাটারই সহায়তা পেতে পারেন বলে মনে করছেন তিনি। তবে তুলনামূলকভাবে বোলারদের জন্য সুবিধা একটু বেশি থাকতে পারে বলে তার ধারণা। শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। উইকেটে ঘাস আছে। মনে হয় বোলিং-ব্যাটিং দুইদিকেই সহায়তা থাকবে, তবে বোলাররা একটু বেশি সুবিধা পেতে পারে।’ উইকেটের চরিত্র বিবেচনায় একাদশে পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে অবশ্য এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাননি শান্ত। সাধারণত দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলার কম্বিনেশন থাকলেও ম্যাচের আগে কন্ডিশন আরেকবার দেখে একাদশ ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আমরা আগে সাধারণ কম্বিনেশনে খেলেছি, ২ স্পিনার, ৩ সিমার। তবে কালকের কন্ডিশন আবার দেখার সুযোগ রয়েছে, এরপর সিদ্ধান্ত নেব।’ অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে পারাকে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আবার সেই সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শান্ত। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ২৩ বছর আগে খেলেছিলাম, সৌভাগ্য যে আবার আসতে পেরেছি। আমরা লড়াই করতে চাই। অধিনায়ক হিসেবে আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। ভালো লাগছে। এখানে টেস্ট খেলা এক্সাইটিং। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় সুযোগ।’ এদিকে টেস্টটি কত দিনে শেষ হতে পারে, এমন আলোচনা নিয়ে খুব বেশি ভাবতে চান না শান্ত। পাঁচ দিন ধরে ভালো ক্রিকেট খেলা এবং প্রতিটি সেশনকে গুরুত্ব দেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আমরা তো ৫ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, সেশন বাই সেশন খেলতে চাই। প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। কয়দিন যাবে, এ ধরনের আলোচনা থাকবেই। আমাদের লক্ষ্য থাকবে কত ভালো খেলতে পারি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করাই এখন শান্তদের মূল লক্ষ্য।