জানা নিউজ

ভারতের মধ্যপ্রদেশে ট্রাকচাপায় ১২ পুণ্যার্থী নিহত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে যায় একটি ট্রাক। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। গতকাল রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা দিয়ে যাওয়া পুণ্যার্থীদের ওপর উঠে যায়। পরে মন্দিরের ফটক ও বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা দেয়। গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং বলেন, রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি ছিনোরের দিক থেকে আসছিল। সড়কটির ঢাল বেশি হওয়ায় সেখানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসে। এ সময় রাস্তার ওপর থাকা পুণ্যার্থীদের চাপা দেয় ট্রাকটি। পরে সেটি শীতলা মাতা মন্দিরের বাইরের দেওয়াল ও ফটকে ধাক্কা দেয়। তিনি বলেন, দুর্ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সামান্য আহত হয়েছেন।