মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাননি, গুলিও করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন তারা। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। তিনি একজন জনপ্রতিনিধি। তার সংসদীয় আসনের মধ্যে গেন্ডারিয়ার রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা হয়। এ নিয়ে এলাকার মানুষ বারবার তার কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি পুলিশকে বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি। যাতে করে দ্বিতীয়বার আর মাদকের আস্তানা গড়ে তুলতে না পারে।