নেপালে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় ২ শতাধিক বাড়ি ও পাঁচটি সেতু ভেসে যাওয়ার এক দিন পর গতকাল সোমবার নিখোঁজ পাঁচজনের অনুসন্ধান করছেন উদ্ধারকর্মীরা। এক ভিডিওতে দেখা যায়, নেপালের মধ্যাঞ্চলের গোর্খা জেলার পাহাড়ি এলাকায় আবর্জনা ও ধ্বংসাবশেষে ভরা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। গত রোববার ৯ জন বিদেশিসহ ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এএফপি-কে বলেন, ‘আমরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।’ এ কাজে চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ‘নিখোঁজ পাঁচজনের বিষয়ে আমরা নতুন কোনো তথ্য পাইনি।’ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জনপদগুলোতে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে। রোববার সকালে বন্যার পানির তোড়ে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যায় পানিবিদ্যুৎকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিধসে নদীর প্রবাহ আটকে একটি বাঁধের মতো তৈরি হয়েছিল। পরে সেটি ভেঙে গেলে পানি ভাটির দিকে প্রবল বেগে প্রবাহিত হয়। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।’