জানা নিউজ

চীনা চক্রের অনলাইন জুয়ার প্রতারণা, গ্রেপ্তার ৪

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (ঠড়ওচ), জিএসএম গেটওয়ে ডিভাইস এবং অনলাইন জুয়ার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম, ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন-ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)। ডিবিপ্রধান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ভাটারা থানার একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। তিনি বলেন, ঝর্না চাকমা জিয়ানা ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখানে তারা উন্নত প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি সেবা পরিচালনার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ডিবিপ্রধান আরও জানান, চক্রটি সাধারণ মানুষের মোবাইল ফোনে চাকরির সুযোগ, বিশেষ অফার কিংবা বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বার্তা পাঠাত। এসব বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ভুক্তভোগীরা প্রতারণার ফাঁদে পড়তেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে চক্রটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করত। একটি মোবাইল ডিভাইসের সঙ্গে বিশেষ স্লট সংযুক্ত করে একসঙ্গে ১২টি সিম পরিচালনা করা হতো। ফলে প্রতারণার অভিযোগ এলেও সংশ্লিষ্ট ডিভাইসের আইএমইআই (ওগঊও) নম্বর দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। তিনি আরও বলেন, চক্রটির কার্যক্রম, সম্ভাব্য সহযোগী এবং প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের উৎস ও ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।