জানা নিউজ

ওজনে কম, নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা

বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের পণ্য বাজারজাত করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী এ জরিমানা করা হয়।

রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম)। এছাড়া পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থী।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

ভোক্তাদের অধিকার সংরক্ষণ, পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।