জানা নিউজ

কোলম্যানকেই কোচ হিসেবে চায় বাফুফে, তবে বাধা বাজেটে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের ঘোষণামতে, আজ শুক্রবারের মধ্যেই জাতীয় দলের প্রধান কোচের নাম চূড়ান্ত করার কথা। প্রায় পৌনে তিনশত আবেদন থেকে তালিকা ছোট করতে করতে এখন পাঁচজনে নেমে সিদ্ধান্ত আটকে আছে। ছোট্ট তালিকার শীর্ষে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহ্যামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এই কোচকেই বাফুফের মনে ধরেছে। মনে ধরলেই তো হবে না। হাই প্রোফাইল এই কোচকে দায়িত্ব দিতে হলে বাফুফেকে গুনতে হবে অঢেল অর্থ। বাফুফে সূত্রে জানা গেছে, ৩০ হাজার ডলারের কাছাকাছি বেতন চেয়েছেন কোলম্যান। শর্ত হিসেবে আছে, সহকারী কোচও তার পছন্দের হতে হবে। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি জুম মিটিং করে কোচ নিয়োগের বিষয়ে আলোচনা করেছে। সেখানে বেশিরভাগ সদস্যই মত দিয়েছেন কোলম্যানের বিষয়ে। তবে বাজেটের কারণে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি। কোলম্যানের সঙ্গে চূড়ান্ত কথা বলতে হলে বাফুফেকে আগে বাজেটের ব্যবস্থা করতে হবে। এর আগে বাফুফে কর্মকর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হাকের সাথে দেখা করে কোচের জন্য অর্থায়নের সহযোগিতা চেয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সম্মতও হয়েছেন। ওয়েলশের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়ার মতো অর্থ সংগ্রহ হলে বাফুফে আর বিকল্প কিছু ভাববে না। তবে টাকার সংকুলান করতে না পারলে তার পরিবর্তে শর্ট লিস্টে থাকা অন্যদের সাথে আলোচনা শুরু করবে বাফুফে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সাথে বাফুফের চুক্তি শেষ হয়েছে ৩০ এপ্রিল। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর বিপুল সাড়া পড়েছিল। রেকর্ড প্রায় পৌনে তিনশত আবেদন পড়েছিল হামজাদের কোচ হওয়ার জন্য।