জানা নিউজ

কিউই ও আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অংশ নেওয়া দলগুলো। টুর্নামেন্ট শুরুর ঠিক এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৬ থেকে ১০ জুনের মধ্যে ইংল্যান্ডের ডার্বি, লফবরো ও কার্ডিফে অনুষ্ঠিত হবে মোট ১২টি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুটি ম্যাচ খেলবে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল প্রথমে ৬ জুন লফবরোতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের। এরপর ৯ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ১২ জুন পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে। ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষ পাকিস্তান, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে অংশ নিতে আগামী ২৫ মে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। এবারের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্ব পেরোতে হয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে। বড় মঞ্চে নামার আগে প্রস্তুতি ম্যাচগুলোকে দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ কন্ডিশনিং ও কম্বিনেশন যাচাইয়ের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।