কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন অন্তত ৬৩ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কুয়েতি কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা আলজাজিরা জানায়, গতকাল বুধবার ভোরে চালানো এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কয়েকটি কূটনৈতিক মিশনও ক্ষতির মুখে পড়ে। হামলার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করেন। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কুয়েত সরকার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।