জানা নিউজ

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যেখানে বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার নোয়াখালীতে ৫৯ দশমিক ৯৮ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন।
পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে ফেনীর পরেই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এ জেলায় ৭১ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। কুমিল্লায় পাসের হার ৬৪ দশমিক ৭৮, লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৯১ ও চাঁদপুরে ৬৩ দশমিক ৬৩ শতাংশ। নোয়াখালীতে পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। ফেনী জেলার উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে রয়েছে ফেনী সদর। এ উপজেলায় ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ১৪৮ জন। পাসের হার ৭৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।ছাগলনাইয়া উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১ হাজার ২০৯ জন। পাসের হার ৭৬ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

দাগনভূঞা উপজেলায় ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৮৫৮ জন। পাসের হার ৭১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। এই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এ ছাড়া ফুলগাজী উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮৮৫ জন। পাসের হার ৭০ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।