জানা নিউজ

২০ নাবিক নিহতের জন্য ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ২০ জনের বেশি বেসামরিক নাবিককে হত্যার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর দাবি, ইরান শুধু সমুদ্রে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদেরই লক্ষ্যবস্তু করেনি, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এতে প্রতিবেশী দেশগুলোর বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে ইরানের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্টকমের দাবি, ইরান পরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা ও অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে সমুদ্রে বেসামরিক নাবিকদের ওপরও হামলা করেছে।

এসব ঘটনায় সাম্প্রতিক মাসগুলোতে ২০ জনের বেশি নাবিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে পোস্টে নিহতদের নাম, জাহাজের পরিচয় কিংবা হামলার ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
ইরান ইন্টারন্যাশনাল ও কুর্দিস্তান২৪-এর প্রতিবেদনেও সেন্টকমের এই অভিযোগের কথা উঠে এসেছে। তবে কুর্দিস্তান২৪ জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রকাশিত তথ্যেও ২০ জনের বেশি নাবিক ও বন্দরকর্মীর মৃত্যুর কথা রয়েছে; কিন্তু ওই মৃত্যুর সবগুলোর জন্য ইরানকে দায়ী করা হয়নি। ফলে সেন্টকমের দেওয়া দায় নির্ধারণের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এই জলপথ। বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এ পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই অভিযোগ সামনে এল। বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

তথ্যসূত্র: সানডে গার্ডিয়ান