জানা নিউজ

২০০ মিটারে নিজের রেকর্ড ভাঙলেন শিরিন, ইমরানুরের স্বর্ণ জয়

জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে ২০০ মিটার স্প্রিন্টে নারী ও পুরুষ উভয় বিভাগেই ছড়ালো দারুণ রোমাঞ্চ। মেয়েদের ২০০ মিটারে নিজের গড়া আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার।

অন্যদিকে, মূল ইভেন্ট না হওয়া সত্ত্বেও স্রেফ ‘আনন্দের ছলে’ অংশ নিয়ে ছেলেদের ২০০ মিটারে স্বর্ণপদক জিতে নিয়েছেন ইমরানুর রহমান।এদিন ট্র্যাকে শিরিন ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য।নারী ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে ২০২৪ সালে গড়া নিজের ২৪.৬৮ সেকেন্ডের রেকর্ডটি নিজেই ভেঙে দেন নৌবাহিনীর এই তারকা অ্যাথলেট।

ট্র্যাকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে শিরিন এতটাই দ্রুতগামী ছিলেন যে, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুনের চেয়ে তিনি ১.২৪ সেকেন্ড ব্যবধানে এগিয়ে ছিলেন। শরীফা রৌপ্য জিতেছেন ২৫.১১ সেকেন্ড সময় নিয়ে।
এই ইভেন্টে ২৫.৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন সেনাবাহিনীর আরেক স্প্রিন্টার মোসাম্মত বর্ষা খাতুন। এর আগে বিকেল পৌনে ৪টায় ট্র্যাকে গড়ায় পুরুষদের ২০০ মিটার স্প্রিন্ট। এই ইভেন্টে ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে অনায়াসেই স্বর্ণপদক নিজের করে নেন ইমরানুর রহমান। ১৯৯৯ সালে মাহবুব আলমের গড়া ২১.১৫ সেকেন্ডের রেকর্ডটি মাত্র ০.০৩ সেকেন্ডের আক্ষেপে ভাঙা হয়নি তার।তবে রেকর্ড হাতছাড়া হওয়া নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই ইমরানুরের। মূলত ১০০ ও ৬০ মিটারের স্পেশালিস্ট ইমরানুর আসন্ন সাফ গেমসের প্রস্তুতি হিসেবেই ২০০ মিটারে অংশ নেন। এর আগে গত বছরের আগস্টে সামার অ্যাথলেটিক্সে এই ইভেন্টে দৌড়েছিলেন তিনি।

ছেলেদের এই ইভেন্টে ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার। আর ব্রোঞ্জ গেছে বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ রাকিবুল হাসানের ঝুলিতে, তিনি দৌড় শেষ করতে সময় নিয়েছেন ২১.৭৭ সেকেন্ড।

নিজের প্রিয় ইভেন্টের বাইরে এসে স্বর্ণ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরানুর তার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘আসলে আমি কেমন করি, সেটা দেখার জন্য এবং কেবল অনুশীলনের অংশ হিসেবেই এই ইভেন্টে অংশ নিয়েছি। দৌড়টা ছিল অনেকটা সাধারণ আর আনন্দের ছলে। আমি তো মূলত ১০০ মিটার ও ৬০ মিটারে পারদর্শী; ২০০ মিটারের অনুশীলন সেভাবে করি না। তবে আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে এবং ফলাফলে আমি সন্তুষ্ট। আগামী বছর যদি নিয়মিত অনুশীলন করি, ইনশাআল্লাহ আরও ভালো করতে পারব।’