লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদ পলাতক আছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহইয়াউল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী শিক্ষকের দ্বারা বলৎকারের শিকার হয় বলে অভিযোগ শিশুটির পারিবারের।
এ ঘটনায় শনিবার শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
ওই দিন বিকেলেই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীমকে আটক করে পুলিশ।ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, ছেলেকে কোরআনে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদ্রাসার আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন।
ইতোমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহীম তার ছেলের উপর দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়ন চালাতো।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ইব্রাহীমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।