বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক সাইফ হাসান ও ইয়াসির আলি।
এর আগে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে হংকং। তবে চতুর্থ উইকেটে আনশু রথ ও আইজাজ খান ১২৮ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
আনশু ৮৭ বলে ৭৭ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে, আইজাজ খান ১০৬ বলে ৬৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ১টি ছক্কা। এই দুজনের বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি হংকং। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে তারা।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন। ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন, মো. রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১২ রান করে ফেরেন। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক সাইফ। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ৮৪ রান। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে আউট হন।
এরপর ইয়াসির আলিকে নিয়ে বাকি কাজটা অনায়াসে সারেন সাইফ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৪১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৫৪ বল হাতে রেখে পাওয়া এই জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল বাংলাদেশ ‘এ’ দল।