জানা নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে গেছে। এতে এক দোকান মালিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বার্থী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।

পরে দুটি দোকানের মধ্যে ঢুকে যায়। এতে দোকান মালিক কালাম গুরুতর আহত হন।

অপরদিকে একই দিন সকাল ১০টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় তৈলবাহী লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই চালক ও হেলপারসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লরি চালকের অবস্থা গুরুতর।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার অ্যান্ড সিভিল স্টেশনের ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক-লরি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।