বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার পাশাপাশি বিনোদন জগতেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সদ্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কানাডা পর্বে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ঝড় তুলেছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগতভাবে মরক্কোর ডাই হার্ড ফ্যান নোরা ফাতেহি; যার নেপথ্যে রয়েছে তার চর্চিত প্রেমিক, মরক্কো ফুটবল দলের অধিনায়ক আশরাফ হাকিমি। কানাডায় বেড়ে ওঠা নোরার মরক্কোকে আলাদা করে সমর্থনের পেছনে হাকিমির নামই উঠে এসেছে বারবার। এছাড়া সাম্প্রতিক নানা ঘটনা বিভিন্ন জল্পনা উস্কে দেয়। যেমন, ২০২৫ সালের আফকন টুর্নামেন্টেও মরক্কোর একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। তখন থেকেই গুঞ্জন ছড়ায় যে, নিজের নতুন প্রেমিককে সমর্থন করতেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি, যিনি বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার। এরপর আশরাফ হাকিমি যখন নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেন, তখন সেই জল্পনা আরও জোরালো হয়। তবে অনেক সূত্র আবার বলেছে, নোরার নাকি মরক্কোর সঙ্গে শেকড়ের টানও রয়েছে। বলা হয়, হাকিমি এবং নোরা উভয়েরই শেকড় মরক্কোয়, যা তাদের এই গুঞ্জনকে ভক্তদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। এদিকে, আশরাফ হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি নোরা ফাতেহি। তবে সব মিলিয়ে নোরার এই স্বভাবসুলভ প্রতিক্রিয়া হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে ভক্তদের মাঝে আরও রহস্যময় করে তুলেছে।