জানা নিউজ

নতুন লুকে নজর কাড়লেন সালমান খান

আমির খান অভিনীত-প্রযোজিত আলোচিত সিনেমা ‘লগান’। সিনেমাটি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা হাজির হন। অনেক তারকার উপস্থিতি থাকলেও সবার নজর কাড়েন সালমান খান। নতুন লুকে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এই সুপারস্টার। নতুন হেয়ারস্টাইল, গলায় রুপালি চেইন, পরনে কালো রঙের পোশাক-সব মিলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ফটোগ্রাফারদের সামনে পোজ দেন সালমান খান। পরে তার সঙ্গে যোগ দেন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সহশিল্পী কারিনা কাপুর খান। হালকা গোলাপি রঙের চুড়িদারে কারিনাকেও বেশ আকর্ষণীয় লাগছিল। দুজনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। পরে অনুষ্ঠানের আয়োজক আমির খান, সালমান খানও কারিনার সঙ্গে যোগ দেন। দুই সুপারস্টারকে আলিঙ্গন ও হাসিমুখে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়, যা উপস্থিত ফটোগ্রাফার ও ভক্তদের উচ্ছ্বসিত করে। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজল, জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা, সোফি চৌধুরী, বীর দাস, সুনীল গ্রোভার, জোয়া আখতার, শেনাজ ট্রেজারিওয়ালা। আমিরের ছেলে জুনায়েদ খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিনেতা ইমরান খান এসেছিলেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটনের সঙ্গে। আমিরের দুই বোন নিখাত খান ও ফারহাত খানও অংশ নেন এই আয়োজনে। অন্যদিকে, মেয়ে ইরা খান স্বামী নূপুর শিখরেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন। ‘লগান’ সিনেমার অভিনেতা রাজেন্দ্রনাথ জুতশি, যশপাল শর্মা, আদিত্য লাখিয়া ও অখিলেন্দ্র মিশ্রাসহ সিনেমাটির আরো কয়েকজন অভিনয়শিল্পীকেও পুনর্মিলনীতে দেখা যায়। এছাড়া নির্মাতা রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর এবং তার স্ত্রী সুনীতা গোয়ারিকরও অনুষ্ঠানে যোগ দেন। তারকাদের উপস্থিতির পাশাপাশি অনুষ্ঠানটি আমির খানের জন্য পারিবারিক মিলনমেলাতেও পরিণত হয়। তার বাগদত্তা গৌরি স্প্র্যাটের সঙ্গে ছবি তুলতে দেখা যায় আমিরকে। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ৫ জুলাই তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাদের ছেলে আজাদ রাও খানও। ফলে ‘লগান’ সিনেমার রজতজয়ন্তীর এই আয়োজন হয়ে ওঠে আরো বিশেষ।