জানা নিউজ

বিদেশে পাচার ১৪১ কোটি টাকা, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ মামলা

 ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখা থেকে সিমেন্টের কাঁচামাল ক্রয়ের ভুয়া বিল-ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসি-এর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ তিনটি পৃথক দুদকের কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন।

দুদকের পিপি মোকাররম হোসাইন বাংলানিউজকে বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসি বাংলাদেশ ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে সিমেন্টের কাঁচামাল কেনার নামে ভুয়া বিল তৈরি করে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে ১৪১ কোটি টাকা উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুদক চট্টগ্রাম কার্যালয়ে তিনটি মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, জাল কাগজপত্র দেখিয়ে কোনো প্রকার পণ্য ক্রয়-বিক্রয় না করেই মোট ৫০০ কোটি টাকা আত্মসাতের পরিকল্পনা করা হয়।

এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে গৃহীত ১৪১ কোটি ২০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও ইউএই, ইউকে, ইউএসএসহ বিভিন্ন দেশে পাচার করা হয়। ২০১৮ সালের ২০ মার্চ  ইসলামী ব্যাংক জুবলী রোড শাখার গ্রাহক আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের প্রেক্ষিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১টি ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৮ থেকে ৪ এপ্রিল থেকে ২০১৯ সালের  ২৬ ডিসেম্বর মধ্যে আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কামাল বাজার শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১৭টি ডিলে মোট ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এই ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি অনুমোদিত হয়েছে। এ ছাড়া ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায়, ২০২০ সালের  ৬ আগস্ট থেকে ২০২১ সালের ২৮ মার্চ  মধ্যে আরামিট সিমেন্ট পিএলসি এর আবেদনের প্রেক্ষিতে ইউসিবি পিএলসি, সদরঘাট শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ৯টি ডিলের মাধ্যমে গ্রাহকের ইকুইটি ৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়া অবশিষ্ট ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।