জানা নিউজ

কিছু সময় দিন, প্রজন্মকে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, রাসূলের জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। আমাদের সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারব।আল-কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূলুল্লাহর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ পাক রাসূলকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন।

তিনি রাসূলের দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করার আহ্বান জানান। একই সঙ্গে মহানবী যেসব বিষয় নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান। অন্যদের মধ্যে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।