জানা নিউজ

বরিশাল বোর্ডে মেয়েদের বাজিমাত, এগিয়ে বিজ্ঞান বিভাগ

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।

গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৩৬টি।সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম। ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের থেকে এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৭৩ জন কম রয়েছে। তবে পাসের হার গতবারের থেকে এবার ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

আর সেই পাসের হারের হিসাব অনুযায়ী, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৬৫ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ।

মেয়েদের এগিয়ে থাকার এ ধারাবাহিকতা টানা ছয় বছর ধরেই চলে আসছে।বিষয়ভিত্তিক পাসের হারেও বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ৯৪ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৮৭ এবং ছেলেদের পাসের হার ৩৯ দশমিক ৭৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৪৮ এবং ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৭৫ শতাংশ। এদিকে মোট জিপিএ-৫-এর মধ্যে ১ হাজার ৫৮৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে, যেখানে মেয়েদের থেকে ছেলেরা ৩৯২ জন জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ১৯৩টি। বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলার ১ হাজার ৫১৫টি স্কুল থেকে ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮০ হাজার ৪৫৮ জন। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। অপরদিকে মোট পরীক্ষায় ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে এবং এর মধ্যে ছেলেদের সংখ্যা দ্বিগুণেরও বেশি ছিল।